কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, আটক ১২

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. শাহাদাৎ (১৭) নামের এক কিশোর নিহতের ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান।

ওসি সহিদুর রহমান জানান, আটক ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই বাছাই চলছে। সিসি টিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

উলে­খ্য, শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা নগরীর শিশুপার্কের পাশে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা শাহাদাত হোসেন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে। নিহত শাহাদাতের বাড়ি কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ড উত্তরগাংচর এলাকায়।

একাধিক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, শুক্রবার বিকেলে শিশুপার্কে রাইড চড়তে আসে একদল কিশোর। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। শিশুপার্কে প্রবেশের পর তারা শাহাদাতের কাছে ফ্রিতে রাইডে চড়তে চায়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাহাদাত পার্ক সংলগ্ন মিশনারি স্কুলের সামনে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়।

পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেয়। পরে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।