কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের খোঁজে মাইকিং

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছে সৌরভ নামের এক যুবক। সেই টাকার মালিক না পেয়ে মালিকের খোজে মাইকিং বের করে প্রসংশায় ভাসছেন তিনি।

শনিবার (২০ আগষ্ট) সকাল ১০টা থেকে শহড়জুড়ে এই মাইকিংয়ের ব্যবস্থা করা হয়। সৌরভ ঠাকুরগাঁও শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী।
 
জানাগেছে, বৃহস্পতিবার বিকালের পরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে রাস্তার ধারে একটি ব্যগ পড়ে থাকতে দেখেন সৌরভ। কোনো পথচারীর প্রয়োজনীয় ব্যগ হতে পারে ভেবে ব্যাগটি সাথে নেন তিনি। পরে ব্যাগ খুললে সেখানে প্রায় পাঁচ লাখ টাকা দেখতে পান তিনি। তাই টাকার সন্ধানে কেউ খুঁজতে আসবে বা মাইকিং বের করতে পারে ভেবে অপেক্ষায় ছিলেন। কিন্তু, ব্যাগ পাওয়ার ২৪ ঘণ্টা পার হলেও পাওয়া যায়নি সেই টাকার মালিক। তাই মালিকের সন্ধানে মাইকিং বের করার ব্যবস্থা করেন তিনি। আর এই মাইকিং বের হবার পর থেকেই জেলাজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌরভ।
 
মাইকিং শুনে শহরের ব্যবসায়ী আদম আলী জানান, এই মাইকিং প্রমাণ করে যে, মানবতা এখনও বেঁচে আছে। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। সৌরভের সর্বময় মঙ্গল কামনা করি। তাকে দেখে সমাজ অনেক কিছু শিখতে পারবে।

মাইকিং বের হবার পর সোশ্যাল মিডিয়া ফেসবুকেও চলছে তুমুল আলোচনা। বিভিন্ন মানুষ সাধুবাদ জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। কমেন্টে অনেকেই বিষয়টির প্রশংসা করছেন।

এই বিষয়ে সৌরভ বলেন, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ব্যাগটি পড়ে থাকতে দেখি আমি। পরে ব্যাগ ভর্তি টাকা দেখতে পাই। এই টাকা হতে পারে কারো ব্যবসার মূল পুঁজি। অথবা, এই টাকাই হতে পারে কারো স্বপ্ন পূরনের উছিলা। ভেবেছি টাকাটি মালিকের কাছে পৌঁছে দেয়া জরুরি। তাই মাইকিং করে মালিক খোঁজা হচ্ছে। টাকার মালিক স্টেডিয়ামের সামনে মদিনা মেশিনারিজ দোকানে এসে আমর সাথে যোগাযোগ করতে পারে। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, টাকা হারিয়েছে জানিয়ে কেউ এখনও কোনো জিডি করেনি। তাই টাকার মালিকের বিষয়ে এখনই আমরা কোনো সহায়তা করতে পারছি না। তবে টাকার মালিক খোঁজার এই বিষয়টি সত্যিই প্রসংশার দাবি রাখে।