অনেক তো হলো, আর বেশিদিন হয়তো বাঁচব না। শেষ ইচ্ছা হিসেবে একটাই প্রার্থনা গ্রেনেড হামলার মূল হোতা তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে সাজা কার্যকর করা হোক। তাহলে গ্রেনেড হামলায় আমরা যারা আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছি এবং নিহত ২৪ জনের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাসবিরোধী জনসভায় গিয়ে গ্রেনেড হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগের নেত্রী মাহাবুবা পারভিন।
তিনি বলেন, ‘গ্রেনেড হামলায় আহত হওয়ার পর থেকে সাভারের কোনো আওয়ামী লীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের নেতা আমার খোঁজখবর নেয়নি। অথচ সাভারে এখন হাজার হাজার নেতার উৎপত্তি হয়েছে। তারা নিজেদের আখের গুছিয়ে জিরো থেকে কোটিপতি হয়ে গেছে।’
মাহাবুবা আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব এখন আমি আর পারছি না, যেহেতু মাঝে মধ্যেই আমাকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয় এবং আমি ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে আমার যে কর্মস্থল বঙ্গবন্ধু অ্যাভিনিউ সেখানে যেতে হয়। প্রধানমন্ত্রী ছাড়া আমার মতো দুঃখিনীকে দেখার কেউ নাই। গ্রেনেড হামলায় আহত হওয়ার পর যা কিছু পেয়েছি সব তার কাছ থেকেই পেয়েছি। তার কারণেই আজও আমরা বেঁচে আছি।’