ভুয়া পুলিশের নকল গ্রেপ্তারি পরোয়ানা

নকল গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে পুলিশ পরিচয়ে আসামি ধরতে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন নওগাঁর বদলগাছি থানার শাকিল হাসান (৩০) ।

গত শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি পুরনো ওয়াকিটকি, একটি পিস্তলসদৃশ লাইটার, পুলিশের লোগো ও নিজের ছবি সংবলিত একটি আইডি কার্ড, একটি গ্রেপ্তারি পরোয়ানার ফটোকপি, একটি এটিএম কার্ড, পুলিশ লেখা স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গায়ে পুলিশের জ্যাকেট, হাতে ওয়াকিটকি, কোমরে পিস্তল ও মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগিয়ে প্রতারণা করতেন শাকিল। এছাড়া ইন্টারনেট থেকে গ্রেপ্তারি পরোয়ানা ডাউনলোড করে তাতে কলম দিয়ে আসামির নাম লিখে যেতেন আসামি ধরতে। দাবি করতেন মোটা অঙ্কের টাকা।  

গতকাল শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শুক্রবার রাজধানীর শ্যামলী ওভারব্রিজ সংলগ্ন কাঁচালংকা রেস্তোরাঁর মালিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন শাকিল। টাকা না দিলে ব্যবসার ক্ষতি করার হুমকি দেন। উপায় না দেখে পুলিশকে জানান রেস্তোরাঁর মালিক। অভিযোগ পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়।’