সাভারের আশুলিয়ায় সিন্ডিকেট করে বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করাসহ বিভিন্ন অভিযোগে দুই দোকানমালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় জরিমানার দুই লাখ টাকা পরিশোধ না করায় দুই আড়তদারকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজার এলাকার ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
আটককৃত ব্যবসায়ীরা হলেন আসিফ হোসাইন এন্টারপ্রাইজ ডিমের আড়তের মালিক শাহ আলম হোসেন ও এসজে এগ্রোর মালিক স্বপন ইসলাম।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আশুলিয়ায় বিভিন্ন ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করে বাজারে সংকট সৃষ্টি ও মূল্যতালিকা না রাখাসহ নানা অভিযোগে দুটি আড়তের মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। কিন্তু জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।