শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক দেশ রূপান্তরের প্রতিনিধি এমদাদুল হককে মারতে উদ্ধত হন শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মিঠু।
রোববার (২১ আগস্ট) সকাল ৯টায় ক্লাসে যাওয়ার সময় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। এসময় উক্ত সাংবাদিকের দিকে তেড়ে এসে থাপ্পড় দিয়ে কান ফাটাতে চান মিঠু।
ভুক্তভোগী সাংবাদিক এমদাদ বলেন, সকাল নয়টায় ক্লাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আমার পথরুদ্ধ করে ছাত্রলীগের রাজনৈতিক প্রোগ্রামে যেতে বলেন সভাপতি। এসময় আমি সাংবাদিক পরিচয় দিলে তিনি আমার দিকে হাত উঠিয়ে তেড়ে এসে বলেন, থাপ্পড় মেরে তোর কান ফাটায় দিবো। এসময় তিনি ও তার পাশে থেকে কয়েকজন আমার সঙ্গে উচ্চবাচ্য করেন। এসময় সভাপতি আবারও আমার গায়ে হাত রেখে জোরপূর্বক রাজনৈতিক প্রোগ্রামে যাওয়ার জন্য বাধ্য করতে থাকেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শেকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওলী আহম্মেদ বলেন, এমদাদ ও আমি একই ব্যাচের হওয়ায় সে সময় আমিও ক্লাসে যাচ্ছিলাম। লাইব্রেরির সামনে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আমিও সেখানে গিয়ে সাংবাদিক ও সাংবাদিক সমিতির পরিচয় দিলে সভাপতি মাসুদুর রহমান মিঠু হেয় প্রতিপন্ন করে বলেন, তোমাদের আমি চিনি! কমিটি দিছো আমাদের সঙ্গে দেখা করসো?
এসময় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান আমাকে বলেন, চলো চলো প্রোগ্রামে চলো। আমি তাদের বলেছি আপনারা যান, সাংবাদিকরা নিউজ কাভার করবে।
এ সম্পর্কে জানতে চাইলে সভাপতি মাসুদুর রহমান মিঠুকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন-উর-রশিদ সুমন বলেন, ভুক্তভোগী সাংবাদিকের কাছ থেকে বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।