মানিকগঞ্জের শিবালয়ে শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাইতে যাওয়া বাবাকে মারধরের অভিযোগে পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শিবালয় থানার এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়।
মারধরের শিকার ওই ব্যক্তির বাড়ি শিবালয় উপজেলায়। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিবালয়ের আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ভাই রজ্জব ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে থানায় মামলা করতে পারেননি। সপ্তাহখানেক আগে শিবালয় থানায় মামলা করেন তিনি।
শনিবার সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন তার সঙ্গে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে থানার ভেতরে তাকে মারধর করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনী বলেন, মারধরের ঘটনায় এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির বাবার করা মামলার বিষয়টি দেখা হবে বলে তিনি জানান।