রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামছুল ইসলামকে নির্যাতনের পর গলায় ছুরি ধরে টাকা কেড়ে নেয়ার ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা ও তার দুই সহযোগীর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, বার বার শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হলেও শুধুমাত্র ছাত্রলীগ নামধারী হওয়ায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও তা আলোর মুখ দেখে না।
এর আগে শুক্রবার মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে রুমে ডেকে নিয়ে রড-স্টাম্প দিয়ে মারধরের পর ২০ হাজার টাকা কেড়ে নেয়ার অভিযোগ তোলেন সামছুল।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এবং উক্ত কমিটিতে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়।