২২ আগস্ট সোমবার চেম্বুর থানায় হাজির দিতে যাওয়ার কথা রণবীর সিংহের। নগ্ন ফোটোশুটের ঘটনায় তাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশ। কিন্তু নির্ধারিত দিনে থানায় যেতে পারবেন না বলে জানিয়েছেন রণবীর। আরো দু'সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন অভিনেতা।
চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর- এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নারী আইনজীবী। ২৬ জুলাই সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বাইয়ের চেম্বুর থানার পুলিশ।
এদিকে জন্মাষ্টমীর দিন নারকেল ফাটিয়ে বান্দ্রার নতুন বাড়িতে গৃহপ্রবেশ সেরেছেন সবে। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সুখস্বপ্ন দেখছেন ভবিষ্যতের। তারই মধ্যে উটকো ঝামেলা এড়িয়ে যেতে চাইছেন রণবীর। নগ্ন ফোটোশুট, যা নিয়ে এত মাতামাতি, বিতর্ক, সে সব দীপিকা বা রণবীর কাউকেই স্পর্শ করছে না বলে জানান তারকা দম্পতি। যদিও সমস্যা গলার কাঁটা হয়ে রয়েই যাচ্ছে।
২২ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল মুম্বাই পুলিশ। সমন জারি করে নোটিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ যখন অভিনেতার খোঁজে আসে, তখন তিনি বাড়িতে ছিলেন না। পুলিশকে জানানো হয়েছিল, ১৬ অগস্ট ফিরে আসবেন রণবীর। ফিরে আসার পর থানা থেকে ডেকে পাঠানো হয় তাকে। কিন্তু সেই পরিকল্পনার বদল ঘটল রণবীরের মত পরিবর্তনে। তার হাজিরা দেওয়ার জন্য আবার নতুন দিন ঘোষণা করবে মুম্বাই পুলিশ। সূত্র : হিন্দুস্তান টাইমস