৫ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং ভেসেল উদ্ধার

অবশেষে ৫ দিন ইঞ্জিন বিকল হয়ে ৭ অফিসার ও ২৯ জন ক্রু নিয়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভাসতে থাকা ফিশিং ভেসেল এফভি জোয়ান ডেভার উদ্ধার হয়েছে। কোস্ট গার্ডের জাহাজ সিজিএস অপরাজেয় বাংলা'র সহায়তা ফিশিং জাহাজটি উদ্ধার হয়। ফিশিং ভেসেলটি উদ্ধারে শনিবার (২০ আগস্ট) সকালে মোংলা থেকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকায় যায় কোস্ট গার্ডের এ জাহাজটি। ওই দিনই কোস্ট গার্ডের জাহাজটি ঘটনাস্থলে পৌঁছে ওই ফিশিং জাহাজটিকে উদ্ধার করে বিপদমুক্ত ও নিরাপদে রাখেন। 

এরপর ফিশিং জাহাজ এফভি জোয়ান ডেভার কোম্পানির কন্টিনেন্টাল গ্রুপের মেরিন ফিসারিজ লি. এর অপর একটি ভেসেল এফভি মিষ্টি ঘটনাস্থল থেকে সেটিকে বেঁধে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইঞ্জিন বিকল হওয়া ওই জাহাজটিকে নিয়ে রবিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ৩৬ জন অফিসার-ক্রুসহ চট্টগ্রামের সদর ঘাটের উদ্দেশ্যে রওনা হয় ভেসেল মিষ্টি। 

চট্রগ্রামের কন্টিনেন্টাল গ্রুপের মেরিন ফিসারিজ লি. এর ইনচার্জ আ. সালাম মজুমদার রবিবার রাতে জানান, বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের সদর ঘাট এফভি জোয়ান ডেভার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। এরপর ওই দিনই ভেসেলটির  ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভাসতে থাকে। এরপর জোয়ান ডেভারের অবস্থান নিশ্চিত হয়ে সেটিকে উদ্ধারে শুক্রবার কোস্ট গার্ডের সাহায্য চাওয়া হয়। মোংলা বন্দরের ফেয়ারওয়েবয়া থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল পূর্বে গভীর সাগরে ভাসতে থাকা ফিশিং ভেসেলটি উদ্ধার করে কোস্ট গার্ডের জাহাজ অপরাজেয় বাংলা। 

তিনি বলেন, আমরা কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের কাছে সাহায্য চাওয়া মাত্রই তারা আমাদের সহায়তা করে জাহাজটি উদ্ধার করে দিয়েছেন। জাহাজ ও জাহাজে থাকা ৩৬ জন ষ্টাফ নিয়ে আমরা চরম দুশ্চিন্তা ও উদ্বেগ-উৎকন্ঠায় ছিলাম। কোস্ট গার্ড জাহাজটি উদ্ধার করে দেয়ার পর আমাদের অপর আরেকটি জাহাজের সাহায্যে সেটিকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।