সারা দিন সংবাদিকদের চোখ শুধু খুঁজেই গেল। শুরুতে রাসেল ডমিঙ্গোকে পরে শ্রীধরণ শ্রীরামকে। তবে পরের জনকে পাওয়া গেলেও আগেরজন নিখোঁজ। বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ অথচ নেই হেড কোচ রাসেল ডমিঙ্গো। ওদিকে দুপুরে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি মিরপুরের হোম অব ক্রিকেটে এস. শ্রীরাম। দেখা করেছেন পুরো দলের সঙ্গে। কুশলাদি বিনিময় ছাড়া অবশ্য অন্য কিছু হয়নি তবুও বিমান ভ্রমণ শেষে হোটেলে না গিয়ে মাঠে চলে আসা যে কোনো কোচেরই একাগ্রতা ও আগ্রহের প্রকাশ। সেই আগ্রহের প্রশ্নেই একেবারে শূন্য ডমিঙ্গো আর লেটার শ্রীরাম। তার মানে বাংলাদেশ টি-টোয়েন্টিতে রাসেল ডমিঙ্গো অধ্যায় একরকম শেষ।
ঢাকায় ফেরার পর ডমিঙ্গো আগের দিন এসেছিলেন মিরপুরে। ওইদিন থেকেও ছিলেন না তিনি। সবাই অনুশীলন কিট গায়ে জড়িয়েছেন কিন্তু ডমিঙ্গো পরেছেন টি-শার্ট। তখনই ইঙ্গিত মেলেÑ দল থেকে আলাদা এই দক্ষিণ আফ্রিকান কোচ। কাল তো মাঠেই এলেন না। সারা দিন হোটেলেই ছিলেন। দলীয় সূত্র থেকে আরও জানা যায়, বাংলাদেশ দলের সঙ্গে ডমিঙ্গোর টি-টোয়েন্টি পথচলা একরকম শেষ। এশিয়া কাপে তিনি যাচ্ছেন না। ওই সময় পাওনা ছুটি নেবেন না জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন, সেই সিদ্ধান্ত হবে আজ বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপনের সঙ্গে আলোচনার পর। তবে সিদ্ধান্ত হয়েছে, বিসিবির প্রস্তাবিত টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন ডমিঙ্গো।
এদিকে শ্রীরামের সঙ্গে আজ আলোচনায় বসবেন পাপন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তার নতুন পরিকল্পনাও শোনা হবে। এখান থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে নতুন কোচের (নাম যদিও ব্যাটিং কনসালট্যান্ট) পথচলাও শুরু হবে।