ছাত্রলীগের দু’গ্রুপের কর্মসূচি বরগুনায় ফের ১৪৪ ধারা

২১ আগস্ট উপলক্ষে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ একই স্থানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় বরগুনা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। গতকাল রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্র দাস স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশে রবিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, বিশৃঙ্খলা, মারামারিসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘœ ঘটার শঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক তৌসিকুর রহমান ইমরানের নেতৃত্বে বরগুনা সরকারি কলেজে এবং পৌর শহর এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে একই সময় বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সবুজ মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাজ আরিয়ান বিশালের নেতৃত্বে একই স্থানে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজনের ঘোষণা দেওয়া হয়। দুই গ্রুপের সভা-সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিধায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে গত ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দুই গ্রুপ একই স্থানে কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বরগুনা সদর থানার পরিদর্শক (ওসি) আলী আহম্মেদ বলেন, ১৪৪ ধারা বাস্তবায়নে পুলিশ মাঠে তৎপর রয়েছে।