হুইল চেয়ার পেল সুমাইয়া, দায়িত্ব নিলেন হুইপ

এক পায়ে লাফিয়ে প্রতিদিন ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়া-আসা করা  সেই সুমাইয়াকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। গতকাল রবিবার বিকেলে হুইপের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার সুমাইয়াকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা দেন।

হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মাত্র ১০ বছর বয়সী একজন মেয়ে কী পরিমাণে পড়ালেখার প্রতি আগ্রহ থাকলে এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাওয়া-আসা করতে পারে তা সুমাইয়াকে দেখে বোঝা যায়। তার কষ্টের বিষয়গুলো জানতে পেরে আমি ওকে একটি স্বনিয়ন্ত্রিত হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। একই সঙ্গে তার পায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করব।’ 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের আলীপাড়ার রিকশাচালক শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়ার মাত্র দুই বছর বয়সে রাস্তায় পড়ে গিয়ে দুর্ঘটনায় বাম পা বিকলাঙ্গ হয়ে যায়। বাম পা এখন ডান পায়ের থেকে ছোট হয়ে  গেছে। এর পর থেকে লাফিয়ে লাফিয়ে সুমাইয়া স্কুলে যায়। সে উত্তর আলোকডিহি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।