রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে আজ সোমবার তার নিজ জেলা কিশোরগঞ্জ আসছেন। তিনি ২৫ আগস্ট পর্যন্ত অবস্থান করবেন বলে জানা গেছে। রাষ্ট্রপ্রধান কিশোরগঞ্জ জেলার হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান উন্নয়ন কর্মকা-ের অগ্রগতি পরিদর্শন করবেন। প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এসব তথ্য জেলা প্রশাসকের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন। রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি আজ বেলা সোয়া ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। এরপর মিঠামইনে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাতযাপন করবেন।
পরদিন ২৩ আগস্ট বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টার দিকে সড়কপথে মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।