অনিবন্ধিত ওষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাজধানীর দারুসসালাম ও সাভারের দুটি ফার্মেসিকে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ আগস্ট) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২১ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকার হাজী ফার্মেসির ব্যবস্থাপক হাজী মাহবুব মোর্শেদকে ২ লাখ টাকা ও সাভারের আমিন বাজার এলাকার মোহাম্মদ বিন ফার্মার মালিক মো. মাদুদুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে মো. নজরুল ইসলাম সহকারী পরিচালক ও ঔষধ প্রশাসন পরিদর্শক কামরুল হাসান উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।