পাপন ভাই আমাকে খুব চাপে রাখেন: সাকিব

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে খেলেননি সাকিব আল হাসান। সবশেষ জিম্বাবুয়ে সফর থেকেও নিজেকে সরিয়ে নেন সাকিব। বেশ কয়েক বছর ধরে এভাবেই বেছে বেছে খেলছেন সাকিব। তবে এখন সে সুযোগ কমে আসবে অনেকাংশে। টেস্টের পর টি-টোয়েন্টির অধিনায়কত্বও যে তাঁর কাঁধে তুলে দিয়েছে বিসিবি। দুই সংস্করণের অধিনায়কত্বের ব্যাপারটাকে বোর্ড সভাপতির চাপে রাখা হিসেবে দেখছেন সাকিব।

এশিয়া কাপ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন সাকিব। তিনি বলেন, ‘এমন হতে পারে পাপন ভাই (নাজমুল হাসান) আমাকে চাপে রাখেন। এটা থাকলে (অধিনায়কত্ব) একটা চাপে রাখার সুযোগ থাকে। আমার কাছে মনে হয়, চ্যালেঞ্জিং জায়গাগুলোতে (অধিনায়কত্ব) আমি বোর্ডের কাছে সেরা অপশন। হয়তো এ কারণে আমাকে নির্বাচন করা হয়েছে।’

নিজের অভিজ্ঞতা দিয়ে ভালো কিছু করার আশা সাকিবের। আগের চেয়ে নিজেকে অনেক বেশি অনুপ্রাণিত বলেও মনে হচ্ছে তাঁর কাছে। তিনি বলেন, ‘এখন আমি অনেক অনুপ্রাণিত। চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে দলের জন্য ভালো কিছু করার।’

সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ দিয়ে নতুন একটা শুরু করতে চায় বিসিবি। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে। যদিও এমন শুরুর কথা অনেকবার বলা হলেও বাস্তবে সেটার প্রতিফলন দেখা যায়নি। তবে ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখছেন সাকিব, ‘কখনো না কখনো কোনো কিছু শুরু করতেই হবে। আরও পরে যদি হতো, সেটা থেকে তো এখন হওয়াই ভালো।’