'ক্যারাম' এর স্ক্রিপ্ট কচি লেখেননি, ফারুকীর মন্তব্যে বিস্মিত চিত্রনাট্যকার

আজ ২২ আগস্ট নন্দিত অভিনয়শিল্পী মোশাররফ করিমের জন্মদিন। অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তার শুরুটা হয়েছিল 'ক্যারাম' নাটক দিয়ে। জন্মদিন উপলক্ষে মোশাররফ করিমকে শুভেচ্ছা জানাতে গিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন মোস্তফা সরয়ার ফারুকী। আর তার এই স্ট্যাটাস উসকে দেয় বিতর্ক। 

'ক্যারাম' নাটকটির চিত্রনাট্যকার হিসেবে সবাই জানে অভিনেতা কচি খন্দকারের নাম। নাটকটির প্রথমেই লেখা আছে, নাটকটির মূল রচনাকারী কচি খন্দকার। আর রূপান্তর, চিত্রনাট্য আর পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতদিনের জানা বিষয়টিকে ছয় বছর পর হঠাৎ উল্টে দিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তার বক্তব্য, কচি খন্দকারকে ক্রেডিট দেওয়া হলেও আদতে তিনি এর লেখক নন।

ফারুকী তার স্ট্যাটাসে লেখেন, 'মোশাররফ করিমের সঙ্গে আমার প্রথম কাজ ক্যারাম। ক্যারাম কাজটা মূলত দুইটা জিনিসের অনুপ্রেরনায় বানানো। প্রথমটা হলো ছোটবেলায় ক্যারমে আমার নিদারুন ব্যর্থতা। মাসুদ, বাবলু, এমনকি জাহাঙ্গীরের কাছেও হারতাম। কিন্তু পরাজয়টা কখনোই মানতাম না। দ্বিতীয় অনুপ্রেরনা হচ্ছে আমাদের শুটিংয়ের বাড়ীর ক্যারম টূর্নামেন্ট। আমি আর আমরা সব ভাই-বেরাদর এক সাথে থাকতাম সেখানে- এটা সবাই জানেন। সেই আবাসিক ক্যাম্পে আমরা আবিষ্কার করি কচি খন্দকার মোটামুটি আমার ছোটবেলার বুড়ো ভার্সন। তখন আমরা প্রতি খেলায় হারার পর কচিকে অত্যাচার করার নানা সৃজনশীল উপায় আবিষ্কার করি। এবং কচি খেপেখুপে প্রায় প্রতিদিনই আমাদের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয়। আমি ঠিক করলাম এই সব নিয়েই ক্যারম নামে একটা টেলিফিল্ম বানাবো। এবং কচি খন্দকারের প্রতি অত্যাচারের প্রতিদান হিসাবে তাকে স্ক্রিপ্ট রাইটার ক্রেডিট দেই। যদিও স্ক্রিপ্ট লেখা সেশনের সাথে তার আদতে কোনো সংস্পর্শ ছিলো না।'

তিনি আরও বলেন, 'তখন আমি স্ক্রিপ্ট লেখি সোফায় শুয়ে শুয়ে। লেখি না আসলে, দৃশ্য বলি! মাহমুদ আর সুজন সেটা কাগজে কপি করে। স্ক্রিপ্টের মাঝ পর্যায়ে মোশারফ করিম আসেন আমাদের ক্যাম্পে। তাকে কাস্ট করার পর আমার উপর চাপ বেড়ে যায়। একজন সাংবাদিক ফোন করে বললেন, বস, আপনি শিওর উনি পারবেন? উনি কিন্তু প্রমিনেন্ট কেউ না। আমি বললাম, হি উইল বি প্রমিনেন্ট প্রেটি সুন। সেই সাংবাদিক আমার ফ্রেন্ডলিস্টেও আছেন।'

তবে ফারুকীর এ স্ট্যাটাসের জবাব দিয়েছেন কচি খন্দকার। তিনি লেখেন, 'মিথ্যা ক্রেডিট নিয়ে মরতে চাই না- প্রসঙ্গ ক্যারাম। আজ মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাস পড়ে অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলাম। আমার সাথে ক্যারাম খেলতে যেয়ে জয় পরাজয় নিয়ে আমাকে অনেক অত্যাচার করার জন্য পুরস্কার স্বরুপ ক্যারাম টেলিফিল্মে রচনাকারী হিসাবে আমাকে ক্রেডিট দিয়েছে মোস্তফা সরয়ার ফারুকী। এই ক্যারাম লেখায় আমার নাকি কোনো ভুমিকাই নাই।'

তিনি আরো লেখেন, 'কিন্তু ঘটনা হাজার বছর আগের না এই মাত্র সেদিনের কথা। ভাইব্রাদার সবাই জীবিত প্রায় সবাই জানে তাদের সামনেই আমি আমার ক্যারামের স্ক্রিপ্ট পড়ি। এটাই সত্য ইতিহাস এর মধ্যে কোনো মিথ্যাচার নাই। ঘটনা অনেক কিছু উল্লেখ করা যায়। কিন্তু আমি ইতিহাসের দীর্ঘসূত্রতা টানলাম না এই ভেবে সত্য সুন্দর। আর সত্য প্রকাশের দায় সমস্ত শিল্পীর। সত্যের জয় হোক। শিল্পীর জয় হোক।'