সরকার নিজের দেউলিয়াত্ব শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়েছে: মান্না

সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার নিজের দেউলিয়াত্ব শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে।'

সোমবার (২২ আগস্ট) নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

মান্না বলেন, ‘সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অফিস ও ব্যাংকের কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। এ সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক সংকটকে আরও ঘণীভূত করবে। এটি সরকারের চরম ব্যর্থতার প্রমাণ।’
 
তিনি বলেন, ‘সরকার দেশের মানুষের সব নাগরিক ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। নিজের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করেছে। নিজের দেউলিয়াত্ব শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে।’

মান্না বলেন, ‘অর্থনৈতিক সংকটের জন্য ইউক্রেন যুদ্ধকে দায়ী করলেও প্রকৃতপক্ষে অনেক আগেই সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে। ক্ষমতায় আসার পর থেকেই সরকার প্রতি বছর ৬০-৭০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আর এখন সংকটের জন্য ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখাচ্ছে।’