দুই বছর পর দুইশো

হোক প্রস্তুতি ম্যাচ, বাংলাদেশের বোর্ডে টি-টোয়েন্টিতে দুইশো জমা পড়েছে এটাই বড় খবর। ২০২০ সালের পর এই প্রথম ২০ ওভারে দুইশো পার করেছেন সাকিব আল হাসানরা। বলতে হয় টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান। গতকাল প্রস্তুতি ম্যাচে সাকিবের লাল দল সবুজ দলের বিপক্ষে আগে ব্যাট করে ২১৯ রান তুলেছে মাত্র ৪ উইকেট হারিয়ে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ২০১৮ সালে নিদাহাস ট্রফির সেমিফাইনালে ৫ উইকেটে ২১৫। মিরপুরে গতকাল বৃষ্টির কারণে ম্যাচ শেষ হয়নি। সবুজ দল মাত্র ২.৪ ওভারে ২১ রান তুলতেই খেলা থামে।

আগের দিনের মতো গতকালের ম্যাচেও নতুন মানসিকতার ব্যাটিং দেখিয়েছেন সাকিবরা। গত দিনের চেয়ে কাল তারা আরও সফল। রান পেয়েছেন সেরা একাদশের প্রায় সব ব্যাটারই। এদিন দ্বিতীয়বার ব্যাটও করতে হয়নি কাউকে। এনামুল হক বিজয় ১০ বলে ১৩ করে ফেরার পর রানের ফোয়ারা ছুটে। আগের দিনের মতো বদলি ওপেনার হিসেবে নামা মেহেদী হাসান মিরাজ কালও সফল। ৩৪ বলে ৩টি চার ও ছক্কায় করেছেন ৪৬। সাকিব ১৯ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩০। প্রথম ম্যাচে সবুজ দলের অধিনায়ক আফিফকে খেলানো হয় লাল দলে। সেদিন রান করতে না পারা এই বাঁহাতি ৫ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৩ ছক্কা। ২৮ বলে রান তার ৫০। সবচেয়ে ঝড়ো ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন। মাত্র ১৩ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৪৮ রানে অপরাজিত ছিলেন। সবুজ দলে থাকা মুশফিকুর রহিম-ই কেবল বৃষ্টির কারণে ব্যাট হাতে নামতে পারেননি।