পুতিনের ‘তাত্ত্বিক গুরুর’ মেয়েকে হত্যা করেছে ইউক্রেন: রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ আলেকসান্দর দাগিনের মেয়ে দারিয়া দাগিনা গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। এ বোমা হামলা ইউক্রেনের বিশেষ বাহিনী ঘটিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

তবে, ইউক্রেনের কর্মকর্তারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শনিবার (২০ আগস্ট) রাতে রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গাড়িবোমায় নিহত হন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার দারিয়া (২৯)। তার বাবা রুশ দার্শনিক আলেকসান্দর (৬০) দেশটির প্রেসিডেন্ট পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে এ হামলার আসল লক্ষ্যবস্তু ছিলেন আলেকসান্দর।

তবে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সোমবার জানিয়েছে, এই হামলার জন্য ইউক্রেন সরাসরি দায়ী।

এফএসবি রাশিয়ান গণমাধ্যমকে জানান, একজন ইউক্রেনীয় নারী গত জুলাইয়ে তার মেয়েকে নিয়ে রাশিয়ায় আসেন। তিনিই এই ঘটনা ঘটিয়েছেন। ওই নারী ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনীতে কাজ করে। 

আরও বলা হয়, দারিয়া দাগিনা যে ভবনে থাকতেন ওই নারী একই ভবনে এক মাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। 

বিস্ফোরণের পর সন্দেহভাজন ওই নারী এস্তোনিয়ায় পালিয়ে যায় বলে জানিয়েছে এফএসবি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন উপদেষ্টা বলেছেন, এফএসবি যা বলছে তা কাল্পনিক।

রুশ সরকারে আলেকসান্দরের কোনো আনুষ্ঠানিক পদ-পদবি নেই। তবে তাকে পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তার উগ্র জাতীয়তাবাদী চিন্তাধারা পুতিনের বিশ্বদর্শনকে গভীরভাবে প্রভাবিত করে আসছে। এ কারণে অনেকে তাকে পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ বলে অভিহিত করেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতি আলেকসান্দর ও তার মেয়ে দারিয়ার জোর সমর্থন রয়েছে।