দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
উপজেলার কারিগরি কলেজের পাশে নিতাইশাহ মোড়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে ৩৯ বছর বয়সী ওমর ফারুকের মৃত্যু হয়। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গুণভরী গ্রামের বাসিন্দা। ঘোড়াঘাট থানায় পুলিশের পিকআপ চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই ঘটনায় ট্রাক ও হেলপারকে আটক করা হয়।
আটক হেলপার হলেন বগুড়া সদর উপজেলার ভান্ডারা পাইকার উত্তরপাড়ার মৃত নাজিম উদ্দীনের ৩৮ বছর বয়সী ছেলে হাফিজার রহমান। দুর্ঘটনার সময় তিনি নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, নিতাইশাহ মোড়ে রাত্রিকালীন ডিউটি করার সময় দিনাজপুর থেকে ঢাকামুখী পাথরবোঝাই করা ট্রাকটি (চট্টো মেট্রো-ট-১১-৭৩৮৪) ওমর ফারুককে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থল নিহত হন। দুর্ঘটনার ঘাতক ট্রাকের চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকের হেলপারকে আটক ও ট্রাকটি জব্দ করে।
তিনি আরও জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের পলাতক চালক ও আটক হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।