কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে তুলে নিয়ে ‘দলবদ্ধ ধর্ষণ’

কক্সবাজারে এক স্কুল শিক্ষিকা দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মেহেদী অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গত ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার রাতে এ বিষয়ে মামলা নিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন থেকে ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন ওই স্কুল শিক্ষিকা।

সেখানে পরিচয় হয় পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮) নামের একজনের সাথে। এ সময় কিছুক্ষণ কথাও বলেন তারা। কথা হয় আরও অজ্ঞাতনামা ৩/৪ জনের সঙ্গে।

পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে ওই স্বজনের বাড়ি থেকে শিক্ষিকা ইজিবাইকযোগে নিজ বাড়িতে ফেরার পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গতিরোধ করেন বেদার ও তার সহযোগীরা।

একপর্যায়ে ওই নারীকে টেনে তাদের ইজিবাইকে তুলে নেয়। তারপর দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বেদারসহ তিনজন ধর্ষণ করেন। তখন তিনি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষিকার স্বজনরা বলেন, ভিকটিম রামুর চাকমারকুলের একটি বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনা পরিবারের লোকজন জানার পর থানায় যোগাযোগ করা হয়। প্রথমে রামু থানা সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানা। মামলা নিতে চাচ্ছিল না। পরে গতকাল সোমবার রাতে মামলা নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী নারীর এজাহার পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।