বিকেলে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আদালতের নতুন সময়সূচি নির্ধারণের জন্য ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ সভায় অংশগ্রহণ করবেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের নতুন সময়সূচি নির্ধারণের জন্য ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। 

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে সোমবার (২২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এতে বলা হয়, বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে। 

এতে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।