জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে নতুন স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
টঙ্গী বিসিক হাজীর মাজার এলাকার কাউন্সিলর গিয়াস সরকারের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শিশুরা নতুন পোশাক পেয়ে আপ্লুত হয়ে পড়ে। শিক্ষার্থীদের বাবা-মা ও স্কুলের শিক্ষকেরা এই উপহারের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, টিম গ্রুপের একটি আন্তর্জাতিক মান সম্পন্ন ১০০% রপ্তানিমুখী প্রতিষ্ঠানে এই স্কুল ইউনিফর্মগুলো প্রস্তুত করা হয়।
ইউনিফর্ম বিতরণের পর পরই টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিম এক্সেসরিজ লি. এর ময়দানে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ কয়েক হাজার মানুষ এই আয়োজনে শামিল হন। এরপর অত্র এলাকার গরিব-দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় টিম গ্রুপের মহাব্যবস্থাপক নূর-ই সাইফুল্লাহ ফয়সাল তার বক্তব্যে বলেন, জাতির পিতা ছিলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রূপকার। তার দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। তিনি স্থানীয় কাউন্সিলরকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
স্থানীয় কাউন্সিলর গিয়াস সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, অকুতোভয় ও বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে। বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত অস্তিত্ব ও বিশ্ব পরিমণ্ডলে আমাদের গৌরবজনক পরিচিতি এ মহান নেতার অবদান।
তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনে সব সময় সহযোগিতা করার জন্য টিম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবকে ধন্যবাদ জানান।
এছাড়াও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির পিতার সংগ্রাম আর জীবন-কর্ম নিয়ে ভিডিও তথ্যচিত্র স্কুলের বাচ্চাদের প্রদর্শন করার জন্য হাজীর মাজার বিদ্যালয়ে একটি টেলিভিশন প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে টিম গ্রুপের ম্যানেজার অ্যাডমিন তানভীরসহ আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।