মুন্সীগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার তালতলা-ডহুরী খালে ইঞ্জিনচালিত ট্রলারডুবিতে নিখোঁজ যুবক মো. সেলিমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সেলিম উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদী গ্রামের সিরাজ মাঝির ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সিরাজদীখান থানার ওসি এ কে মিজানুল হক জানান, সকালে খালের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ২১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামসংলগ্ন তালতলা-ডহুরী খালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়।

ওই সময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে খালের পাড়ে উঠতে সক্ষম হন। তবে সাঁতার না জানায় সেলিম পানিতে ডুবে যান।