এক দিনে রেকর্ড ১৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

টানা চার দিন ধরে দেশে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের তিনটি রেকর্ড ভেঙে সর্বোচ্চ ১৫৩ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছরের এটাই এক দিনে বেশি ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড। এর আগের দিন গত সোমবার ভর্তি হয়েছিল ১৩৯, আগের দিন রবিবার ১৩৫ ও তার আগের দিন শনিবার ১১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ১০৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকি ৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত সাত দিনে (১৭-২৩ আগস্ট) তার আগের সাত দিনের (১০-১৬ আগস্ট) তুলনায় দেশে ডেঙ্গু রোগী ভর্তি বেড়েছে ৪৬ শতাংশ। গত সপ্তাহে আক্রান্ত হয়েছে ৭৮৮ জন এবং দৈনিক গড় রোগী ১১২ জন। তার আগের সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৯ জন এবং দৈনিক গড় রোগী ৭৭ জন।