বলিউডে এখন চলছে বয়কট ট্রেন্ড। আমির খানের 'লাল সিং চাড্ডা', অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন', তাপসী পান্নুর 'দোবারা' ছবিকে বয়কট করা নিয়ে তুমুল শোরগোল সোশাল মিডিয়ায়। বক্স অফিসেও এই ছবিগুলোর দশা একেবারে বেহাল।
অন্যদিকে, ছবি মুক্তির আগেই বয়কট বিতর্কে ঢুকে পড়েছে আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র' এবং হৃত্বিক ও সাইফের 'বিক্রম ভেদা'। তবে এই বিতর্ক, শোরগোলের মাঝেও বুধবার টিজার প্রকাশ্যে এনে সবার নজর কেড়ে নিল 'বিক্রম ভেদা'। সাইফ ও হৃত্বিকের এই ছবির টিজারই বুঝিয়ে দিল বহুদিন পর সিনেপর্দায় কোমর বেঁধে নামতে চলেছেন হৃত্বিক রোশন।
টিজারটি একেবারেই অ্যাকশনে ভরা। ঝলক দেখে যা বোঝা যাচ্ছে, এই ছবির গল্প ভালো ও মন্দের লড়াই। শুধু তাই নয়, জানা গিয়েছে, জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প এগোবে। যেখানে সাইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর অন্যদিকে হৃত্বিক খলনায়ক। পুলিশের হাতে ধরা পড়ে একেক সময় একেক গল্প শোনাবে। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে হৃত্বিক চম্পট।
এর মধ্যেই এই টিজার দেখে হৃত্বিক অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু। হৃত্বিকের নতুন লুক চমকে দিয়েছে সবাইকে। অনেকেই বলছে, বহুদিন পর এই ছবির মধ্যে দিয়েই হৃত্বিক পকেটে পুরবেন হিট। ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।
'বিক্রম ভেদা' আদতে তামিল ছবি। বিজয় সেতুপতি ও আর মাধবন অভিনীত ২০১৭ সালের সুপারহিট অ্যাকশন থ্রিলার। সেটিরই রিমেক হচ্ছে বলিউডে। একজন গ্যাংস্টারের সঙ্গে সাক্ষাতের পর কিভাবে সৎ পুলিশ অফিসারের দৃষ্টিভঙ্গি বদলে যায়, তারই প্রতিফলন 'বিক্রম বেদা'য় তুলে ধরবেন পরিচালক। ছবিতে সৎ পুলিশের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। গ্যাংস্টার হৃত্বিক রোশন। সাইফ আলি খানের স্ত্রীর চরিত্রে রাধিকা আপ্তেকে দেখা যাবে। ছবিটি দেখার অপেক্ষায় অনুরাগীরা। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস