মৃত্যুর ৬ মাস পর আসছে বাপ্পি লাহিড়ির শেষ গানের রিয়্যালিটি শো

দেখতে দেখতে ছয় মাস পার। বাপ্পি লাহিড়ি নেই। ১৬ ফেব্রুয়ারি আচমকাই আসে খবরটা। তিনি নেই, কিন্তু তার গানের মধ্যে দিয়ে তিনি রয়ে যাবেন ভীষণভাবে। তার সুর, তার গান, তার অনুশীলনের সাক্ষী থাকবেন দর্শক। সম্প্রচারিত হতে চলেছে বাপ্পি লাহিড়ির শেষ গানের রিয়্যালিটি শো। যে শোয়ের নাম 'সুর কা একালব্য'। শুধু বাপ্পি লাহিড়ি নয়, বিচারকের আসনে দেখা যাবে ইসমাইল দরবার, যতীন পণ্ডিতকে। এই অনুষ্ঠান দেখা যাবে দূরদর্শনে। নতুন ভাবনায় তৈরি হয়েছে এই নতুন শো। প্রতিযোগীদের অনুশীলনও করাবেন তারাই।

৭০ থেকে ৮০-র দশকে হিন্দি চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। বলিউডে 'ডিস্কো ডান্সার', 'চলতে চলতে', 'শরাবি', বাংলায় 'অমর সঙ্গী', 'আশা ও ভালবাসা', 'আমার তুমি', 'অমর প্রেম' প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন বহু গান। ২০২০ সালে তার শেষ গান 'বাগি-৩' ছবির জন্য।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই 'অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)'-তে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্র : আনন্দবাজার