শুকনো নদীর অশনিসংকেত

ইউরোপ, আমেরিকা, এশিয়ার নদীগুলো ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। অনেক নদ-নদী হয়ে যাচ্ছে সংকুচিত। প্রতিনিয়তই নদীর তলদেশ পানির ওপর থেকে দৃশ্যমান হচ্ছে। চলতি বছর অপ্রতুল বৃষ্টি এবং টানা তাপপ্রবাহে বিশ্বের কিছু নদী এতই শুকিয়ে গেছে যে সেগুলো কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে শুধু নদ-নদীই নয়, এগুলোর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা মানুষের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। হুমকির মুখে পড়েছে জনজীবন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে থাকা বিশ্বের ছয়টি নদীর স্যাটেলাইট থেকে তোলা ছবি প্রকাশ করে জানিয়েছে উদ্বেগের এই খবর। 

সিএনএন যুক্তরাষ্ট্রের কলোরাডো, চীনের ইয়াংজি, জার্মানি ও নেদারল্যান্ডসের রাইন, ইতালির পো, ফ্রান্সের লয়ার এবং পশ্চিম ইউরোপের দানিয়ুব নদীর আগের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার পার্থক্য তুলে ধরেছে। তাতে দেখা যাচ্ছে নদীগুলো আশঙ্কাজনকভাবে শুকিয়ে গেছে। 

কলোরাডো নদী

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেখা দিয়েছে খরার মতো পরিবেশ বিপর্যয়। খরায় আশঙ্কাজনকভাবে শুকিয়ে যাচ্ছে কলোরাডো নদী। নদী অববাহিকাকে রক্ষা করতে সরকার বাধ্যতামূলক পানির ব্যবহার কমানো কার্যকর করেছে এবং অঙ্গরাজ্যের সরকারগুলোকে করণীয় পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে বলেছে।

ইয়াংজি নদী

এশিয়ার অন্যতম নদী চীনের ইয়াংজি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। ইয়াংজির উপনদীগুলো ইতিমধ্যেই শুকিয়ে গেছে। সম্প্রতি চীন গত ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশব্যাপী খরার সতর্কতা ঘোষণা করেছে এবং দেশটির তাপপ্রবাহ ছয় দশকের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে চলেছে। ইয়াংজি নদী শুকানোয় এর আশপাশের অঞ্চলগুলোয় ব্যাপক প্রভাব পড়েছে। এ নদীর পানিপ্রবাহ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে।

রাইন নদী

রাইন সুইস পর্বত থেকে প্রবাহিত হয়ে জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্য দিয়ে উত্তর সাগরে পড়া একটি নদী। জার্মানির এ নদী ইউরোপীয় অঞ্চলে পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। কিন্তু বর্তমানে এ পথে জাহাজ চালানো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাইন নদীর তলদেশ ভেসে উঠেছে। এ কারণে এই পথে চলাচল করা সব জাহাজকে অনেক বাধা পার হতে হয় এখন, যা পুরো পণ্য পরিবহনের প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে।

পো নদী

পো নদীটির উৎপত্তিস্থল ইতালি, যা পূর্ব দিকে প্রবাহিত হয়ে অ্যাড্রিয়াটিক সাগরে গিয়ে পড়েছে। শীতে পর্বতের চূড়ায় এর পানি জমে বরফ হয়ে যায় এবং বসন্তে ভারী বৃষ্টিপাতে প্রবল স্রোত সৃষ্টি হয়। কিন্তু এখন পো নদীর রূপ পাল্টে গেছে। এটি এতটাই শুকিয়ে গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা সম্প্রতি পো নদীর তলদেশে পাওয়া গেছে।

লয়ার নদী

প্রায় ৬০০ মাইলজুড়ে বিস্তৃত ফ্রান্সের এ নদীটি সমগ্র উপত্যকায় জীববৈচিত্র্য-বাস্তুতন্ত্রকে টিকিয়ে রেখেছে। নদীর কিছু অংশ ইতিমধ্যেই মোটামুটি অগভীর। তারই কিছু অংশ বৃষ্টির অভাবে ও প্রচণ্ড গরমে এতটাই শুকিয়ে গেছে যে মানুষ হেঁটে নদী পাড়ি দিতে পারে।

দানিয়ুব নদী

দানিয়ুব হাঙ্গেরির নদী। এটি পশ্চিম ইউরোপের দীর্ঘতম নদী এবং একটি গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেল, যা ১০টি দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। রোমানিয়া, সার্বিয়া ও বুলগেরিয়ায় শ্রমিকরা নদীটি ড্রেজিং করছেন, যাতে পণ্যবাহী জাহাজগুলো এখনো এটিতে চলাচল করতে পারে। ইউরোপের অন্যান্য নদীর তুলনায় এ নদীর অবস্থা খানিকটা ভালো।