থাই প্রধানমন্ত্রীকে অব্যাহতি সর্বোচ্চ আদালতের

মেয়াদের সময়সীমা নিয়ে হওয়া একটি মামলা বিবেচনাধীন থাকা অবস্থায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দেশটির বিরোধী দলের এ সংক্রান্ত আবেদন বিবেচনায় নিয়ে গতকাল বুধবার আদালত ওই সিদ্ধান্ত দেয়। তবে তাকে পাকাপাকিভাবে অব্যাহতি দেওয়া হবে কি না, সে বিষয়ক চূড়ান্ত রায় না দেওয়া হলেও মামলাটি বিবেচনাধীন থাকা অবস্থায় প্রায়ুথ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

বিবিসি জানিয়েছে, ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা প্রায়ুথ মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় আছেন, এমন অভিযোগ এনে মামলা করেছিল থাইল্যান্ডের বিরোধী দলগুলো। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রী সর্বোচ্চ আট বছর দায়িত্বে থাকতে পারবেন, এমন বিধিবিধান রয়েছে। সেই হিসাবে প্রায়ুথের মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে বিরোধীরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। বিরোধীদের ভাষ্য, ২০১৪ সালের মে মাসে ক্ষমতা দখলের পর ২৪ আগস্ট থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রায়ুথ, সে হিসাবে ২৪ অগাস্ট, ২০২২-ই (বুধবার) তার সংবিধানপ্রদত্ত আট বছরের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন প্রায়ুথ; ২০১৯ সালে সামরিক সরকারের অধীনে একটি নির্বাচনের পর তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।