যে কাজ পুলিশ বাহিনীকে বিব্রত করে তা করতে নিষেধ করার পাশাপাশি থানা হাজতে আত্মহত্যার সহায়ক কোনো কিছু যাতে না থাকে তা নিশ্চিত হতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, ‘এমন কোনো কাজ করা যাবে না, যা পুলিশ বাহিনীকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে। হাজতখানায় আত্মহত্যার সহায়ক তেমন কিছু যেন না থাকে সে বিষয়েও অফিসার ইনচার্জদের নিশ্চিত হতে হবে। সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কারও দেন ডিএমপি কমিশনার।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, মো. আসাদুজ্জামান, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব থানার ওসি উপস্থিত ছিলেন।