বাড়ি থেকে বিদায় নেবে আদরের মেয়ে। তাই বিদায়বেলায় দুধ দিয়ে মেয়ের পা ধুইয়ে দিলেন মা-বাবা। শুধু তাই নয়, এরপর মেয়ের পা ধোওয়া সেই দুধ পানও করলেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিও। যা দেখে হতবাক নেটদুনিয়া।
মা-বাবার কাছে সন্তানের গুরুত্ব অপরিসীম। ম-বাবার সঙ্গে সন্তানের টান বা ভালোবাসার সম্পর্ক ভাষায় প্রকাশ করা অসম্ভব! আর সাম্প্রতিক ভিডিওটি যেন সেই সম্পর্কেরই এক দৃষ্টান্তমূলক এক উদাহরণ! ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়ের বিদায়ের আগে সযত্নে তাঁর পায়ের ছাপ তুলে রাখলেন বাবা-মা। মেয়ের পা ধোওয়ানো দুধও পান করেন।
প্রথমে পানি ও দুধ দিয়ে পা ধুইয়ে দেন। তারপর সেই পা ধোওয়া দুধ পান করেন বাবা-মা। পা ধুইয়ে দেওয়ার পর, মেয়ের পা যত্ন করে তোয়ালে দিয়ে শুকনো করে মুছিয়েও দেন বাবা। তারপর মেয়েকে বলেন আলতা রাখা থালায় পা রাখতে। বাবার কথা শুনে মেয়েও তাই করে। তারপর বাবা মেয়েকে বলেন একটি সাদা রঙের কাপড়ে হাঁটতে, যাতে তাতে মেয়ের পায়ের ছাপ পড়ে। মেয়ের পায়ের সেই ছাপ সযত্নে তুলে রাখেন বাবা। মেয়ের চোখে তখন পানি। অনবরত কেঁদেই চলেছে মেয়ে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ যখন এই ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত, তখন অন্য অংশ এটিকে অতিনাটকীয় বলে সমালোচনা করেছেন।
ব্যতিক্রমী এই ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করেছেন ভারতের আইএএস অফিসার সঞ্জয় কুমার। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে বাবা তার মেয়ের পা পানি দিয়ে এবং তারপর দুধ দিয়ে ধুয়ে দিচ্ছেন। তারপর তিনি সেই দুধ পান করেন।
এরপর বাবার মতো মেয়েটির মাও সেই একই প্রক্রিয়া অনুসরণ করেন। অর্থাৎ মেয়ের পা ধোয়া সেই দুধ পান করেন। তারপর বাবা তোয়ালে দিয়ে মেয়ের পা শুকিয়ে একটি লাল আলতা ভরা থালায় রাখতে বলেন। তারপরে তাকে একটি সাদা রঙের কাপড়ে পা রাখতে বলা হয়। যাতে মেয়ের পায়ের ছাপ ওই কাপড়ে থেকে যায়।
ভারতের আইএএস অফিসার সঞ্জয় কুমার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আবেগঘন মুহূর্ত। বিদায়ের আগে বাবা-মা তাদের মেয়ের পায়ের ছাপ ঘরে সাজিয়ে রাখছেন।’
ভিডিওটি নিয়ে অবশ্য অনলাইন ব্যবহারকারীরা দ্বিধাবিভক্ত। কারও কারও মন ছুঁয়ে গেছে এই দৃশ্য, মেয়ের প্রতি বাবা-মায়ের ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবেই পুরো বিষয়টিকে দেখছেন তারা। অন্যদিকে অনেকে বলছেন, এটি একেবারেই অপ্রয়োজনীয় এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এটি করা হয়েছে।
একজন লিখেছেন, ‘সত্যিই হৃদয় স্পর্শ করা দৃশ্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কন্যা-সন্তানের প্রতি ভারতীয় বাবা-মায়েদের ভালবাসা, ভাষায় বর্ণনা করা যাবে না।’
অন্যদিকে এই ঘটনা সমালোচনা করে একজন বলেছেন, ‘ভালোবাসা ভালো, কিন্তু পা ধুয়ে সেই দুধ খাওয়াটা বাড়াবাড়ি। এই সব হলো নাটক, স্রেফ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ার প্রচেষ্টা।’
অন্য একজন ব্যবহারকারী বলেছেন, এই বাবা-মা হয়তো তাদের মেয়ের পায়ের ছাপ দেখে তাদের বাকি জীবন বেঁচে থাকবেন।