হাতে আর মাত্র পাঁচ মাস। তারপরেই মুক্তি পাবে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি 'পাঠান'। এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে এবং খল চরিত্রে আছেন জন আব্রাহাম।
কিং খানের লুক প্রকাশ্যে এসেছিল আগেই। এবার প্রকাশ্যে এলো জনের লুক। ছবির হিরো শাহরুখই বৃহস্পতিবার ভিলেনের লুক শেয়ার করেছেন। সোশাল মিডিয়ায় ২১ সেকেন্ডের একটি ট্রায়াল শেয়ার করেছেন শাহরুখ। ভিডিও শেষে জনের দুর্দান্ত এন্ট্রি দেখা যায়।
ক্যাপশনে কিং খান লেখেন, 'ভীষণ টাফ ইনি এবং রাফ চরিত্রে অভিনয় করছেন। পাঠান-এ দেখা যাবে দি জন আব্রাহামকে। আগামী বছরে অর্থাৎ যশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে মুক্তি পাবে এই ছবি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি বড় পর্দায় দেখতে পাবেন পাঠান।' শাহের সংযোজন, 'হিন্দি, তামিল এবং তেলেগুতে মুক্তি পাবে ওই ছবি।'
এদিকে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনও কিন্তু সোশাল মিডিয়ায় ওই মোশন পোস্টার শেয়ার করেছেন। পাশাপাশি, সাধারণ পোস্টারও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'প্রেজেন্টিং দ্য জন আব্রাহাম।'
জন নিজে শেয়ার করে লেখেন, 'আমার অ্যাকশনই না হয় বাকিটা বলুক। যশ রাজ ফিল্মস-এর ৫০ বছর পূর্তি উদযাপন হোক পাঠানের সঙ্গে। ২০২৩ সালের নিকটবর্তী বড় পর্দায় দেখুন পাঠান।'
উল্লেখ্য, বলিউডে ৩০ বছর পূর্ণ করার দিনই পাঠানের 'নিউ লুক' প্রকাশ্যে এনেছিলেন শাহরুখ খান। সোশাল মিডিয়া হ্যান্ডলে পাঠানের মোশন পোস্টার শেয়ার করেছিলেন বলিউড বাদশা। পোস্টারের ক্যাপশনে ৩০ বছরের সফল ফিল্মি জার্নির জন্য ভক্তদের ধন্যাবাদ জানান শাহরুখ। সেই সঙ্গে লেখেন, 'দীর্ঘ ক্যারিয়ারে পাঠান আমার কাছে অন্যতম সেরা পাওনা। এই ছবিও আমার ৩০ বছরের জার্নিরই অংশ।' ওই মোশন পোস্টারে বন্দুক হাতে সাইড লুকে রাফ অ্যান্ড টাফ শাহরুখকে দেখা গিয়েছিল। একইভাবে এদিনের পোস্টারেও জন আব্রাহামকেও অ্যাকশন-প্যাকড লুকে দেখা গিয়েছে।
সিদ্ধার্থ আনন্দ-এর আগামী ছবি 'পাঠান'-এ দীপিকা পাড়ুকোনকেও কিন্তু অ্যাকশনে দেখা যাবে।
প্রসঙ্গত, 'ডন ৩' নিয়ে হইচইয়ের মাঝেই 'পাঠান'-এর রিলিজ ডেট প্রকাশ্যে আনে যশ রাজ ফিল্মস। বর্তমানে কিং খানকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে তার ভক্তকূল। ২৫০ কোটি বাজেটে তৈরি এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন শাহরুখ।