কখনও রিকশা চড়ছেন, কখনও রিকশা টানছেন, তো কখনও রাস্তায় দাঁড়িয়ে লস্যি খাচ্ছেন। বেনারসের রাস্তায় মিঠুন আর দেবের কীর্তি দেখে অনুরাগীরা হতবাক। আর সেই ভিডিওই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
নতুন বাংলা ছবি 'প্রজাপতি'তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছেন দেব। এ খবর নতুন নয়। কয়েক মাস আগে কলকাতায় হয়েছে এ ছবির কিছু অংশের শুটিং। তখনই শোনা গিয়েছিল, মিঠুনকে সঙ্গে নিয়ে বারানসিতে এ ছবির শুটিংয়ে রওনা দিয়েছেন দেব। বারানসির সেই শুটিংয়ের ভিডিওই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে নানা মুডে দেখা গিয়েছে দেব ও মিঠুনকে। দেবের ফ্যান পেজ থেকেই শেয়ার হয়েছে সেই ভিডিও।
প্রসঙ্গত, রাজনীতির দিক থেকে মিঠুন চক্রবর্তী ও দেবের অবস্থান একেবারেই ভিন্ন। তবে সিনেমার পর্দায় তাদের পরিচয় শুধুই অভিনেতা। একজন টলিউডের সুপারস্টার, আরেকজন সিনেমার মহাগুরু। আর এই মহাগুরুই দেবের হাত ধরে বহু বছর পর বাংলা সিনেমার পর্দায় ফিরছেন।
'প্রজাপতি' ছবিতে বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে দেব ও মিঠুনকে। পরিচালক অভিজিৎ সেন সংবাদমাধ্যমকে জানান, বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে এ ছবি। ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও রয়েছেন মমতা শংকর।
ছবির গল্প অনুযায়ী, একেবারে পারফেক্ট নির্বাচন অভিনেতাদের। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো প্রায় ৪৬ বছর পর একসঙ্গে ফের বড়পর্দায় মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী। এটা ছবির আরও বড় চমক। সূত্র : সংবাদ প্রতিদিন