মস্তিষ্ক সুস্থ রাখো শরীরচর্চায়

শিক্ষার্থীদের জন্য শরীর চর্চা খুবই প্রয়োজনীয়। নিয়মিত শরীর চর্চা শরীরের পাশাপাশি মস্তিষ্কের সুস্থতায়ও ভীষণ উপকারী। জানাচ্ছেন বিপুল জামান

স্মৃতিশক্তি বৃদ্ধি : নিয়মিত শরীর চর্চা বা ব্যায়ামের ফলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি পায়। এর ফলে ধীরে ধীরে স্মরণশক্তি বৃদ্ধি পায়। স্মরণশক্তির ওপর ব্যায়ামের তাৎক্ষণিক প্রভাবও আছে। একদল জার্মান গবেষক গবেষণা করে দেখেছেন, বিদেশি ভাষা শেখার পাশাপাশি সাইক্লিং করলে বা হাঁটলে ওই ভাষার শব্দ মনে থাকার মাত্রা বৃদ্ধি পায়।

মনোযোগ বৃদ্ধি : শরীর চর্চা মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। নেদারল্যান্ডসের স্কুলের শিক্ষার্থীদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, কার্ডিও এক্সারসাইজ অর্থাৎ যে ব্যায়ামগুলো আমাদের হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে সেগুলো মনোযোগ বৃদ্ধিতেও দারুণ সহায়ক।

মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি : নিয়মিত শরীর চর্চা শরীরের পাশাপাশি মস্তিষ্ককেও ক্রিয়াশীল করতে সাহায্য করে। শরীর চর্চার ফলে শারীরিক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাধা এড়িয়ে চলা, একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা, কোনো কিছু মনে রাখার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

মানসিক স্বাস্থ্যের উন্নতি : শরীর চর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষণœতা দূর করতে ব্যায়াম একটি কার্যকরী উপায়। ব্যায়াম মস্তিষ্কের এন্ড্রোফিন নামক হরমোন ক্ষরণ করে যা আমাদের মনে সুখভাব সৃষ্টি করে। ফলে বিষণœতা হ্রাস পায়।

সৃজনশীলতা বৃদ্ধি : নিয়মিত শরীর চর্চার ফলে সৃজনশীলতা বৃদ্ধি পায়। নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটির শিক্ষক লরেনজা কোলজাটোর নেতৃত্বে একদল গবেষক পূর্ণবয়স্ক একদল স্বেচ্ছাসেবককে দুটি দলে ভাগ করেন। সপ্তাহে অন্তত চার ঘণ্টা শরীর চর্চাকারী স্বেচ্ছাসেবকদের একটি দলে এবং অপরটিতে আরও কম সময় শরীর চর্চাকারী বা শরীর চর্চায় একেবারে বিমুখ ব্যক্তিদের রাখা হয়। ওই স্বেচ্ছাসেবকদের প্রত্যেককেই কিছু সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চার পরীক্ষা নিয়ে দেখা যায়, নিয়মিত শরীর চর্চাকারীরা তুলনামূলক ভালো করেছেন। এ থেকেই বোঝা যায়, নিয়মিত শরীর চর্চা সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে।

মস্তিষ্কের বিশ্রাম : ব্যায়াম মস্তিষ্কের বিশ্বাম দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন পরিমিত মাত্রায় ব্যায়াম ঘুমের ওষুধের মতো কাজ করে, এমনকি ইনসমনিয়া রোগীর ক্ষেত্রেও। প্রতিদিন ঘুমের ৫-৬ ঘণ্টা আগে ব্যায়াম করলে তা শরীরকে উদ্দীপ্ত করে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। পরে যখন আবার শরীর আগের অবস্থায় ফিরে আসে তখন শরীর সংকেত পাঠায় যে তার বিশ্রাম প্রয়োজন। এভাবে ব্যায়াম ঘুমাতে সাহায্য করে। আর ঘুম মানেই মস্তিষ্কের বিশ্রাম। এভাবেই ব্যায়াম মস্তিষ্কে বিশ্রামের সুযোগ করে দেয়। ফলে মস্তিষ্ক ভালো ও কর্মক্ষম থাকে।