এখনো লাইফ সাপোর্টে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে এখনো লাইফ সাপোর্টে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ডা. ফ্লোরার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য জানান।

মহাপরিচালক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সাব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন। ১০ মিনিট আগে তার স্বামীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানান, ফ্লোরা বেঁচে আছেন। তবে লাইফ সাপোর্ট আছেন।

মহাপরিচালক ডা. ফ্লোরার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা ডা. সেব্রিনা ফ্লোরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-নিপসমে কাজ করেছেন। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি। বর্তমানে রোগতত্ত্ববিদ ও গবেষক কভিড-১৯ টিকা-বিষয়ক টাস্কফোর্স কমিটির সভাপতি তিনি।

দেশে করোনা মহামারি শুরুর পর নিয়মিত ব্রিফিংয়ে এসে সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সারা দেশেই পরিচিত মুখ হয়ে ওঠেন। সে সময় তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। 

পরে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ১৩ অগাস্ট থেকে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পদে রয়েছেন।