খুলনায় নাশকতা মামলা

সাবেক এমপি মঞ্জুসহ ৭০ জনের বিরুদ্ধে চার্জ গঠন

পুলিশের করা নাশকতা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওহিদুজ্জামান শিকদার এ চার্জ গঠন করেন।এর আগে ২০১৮ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সরকার পতন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস, নাশকতা করার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা লোহার রড, বাঁশের লাঠি এবং ইটের টুকরো নিয়ে রওনার অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করে পুলিশ। সোনাডাঙ্গা থানার এসআই রহিত কুমার বিশ্বাস বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড়শ’ জনকে আসামি করে মামলাটি করেন।

বিএনপি পক্ষের আইনজীবীরা জানান, ২০১৯ সালের ২৯ জুলাই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করেন সোনাডাঙ্গা থানার এসআই পল্লব কুমার সরকার। এতে বিএনপির কেন্দ্রীয় তৎকালীন সাংগঠনিক সম্পাদক খুলনা-২ আসনের প্রাক্তন এমপি মঞ্জুসহ ৭০ জনকে চার্জশিটভুক্ত আসামি করেন তদন্ত কর্মকর্তা। মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ মামলাটি আমলে নেয় ২০১৯ সালের ১৪ অক্টোবর। ওইদিন মামলাটির বিচারকার্যের জন্য বিভাগীয় স্পেশাল জজ খুলনা আদালতে হস্তান্তর করা হয়।