কাতার প্রবাসী এক গ্রাহকের গাজীপুরের উত্তরা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া ১৮ লাখ টাকা ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ওই প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম মোল্লা ব্যাংক স্টেটমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ হলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টাকা উধাও হওয়ার ব্যাপারে তদন্ত শুরু করে। পরে তারা ওই হিসাব নম্বরে দুই দফায় ৮ লাখ এবং ১০ লাখ টাকা জমা করে দেন।
কাতার থেকে মোবাইল ফোনে প্রবাসী মো. শাহজাহান মোল্লা জানান, তিনি ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলেন। গত ১৪ আগস্ট তিনি ব্যাংকে খবর নিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। পরে তার ভাই জাহাঙ্গীর আলমের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টে তিনি দেখতে পান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গত ১৪ আগস্ট তার অ্যাকাউন্ট থেকে প্রথমে আট লাখ টাকা সরানো হয় সিটি ব্যাংকের সাতক্ষীরা শাখার মেঘনা এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে। একইভাবে আরও ১০ লাখ টাকা পাঠানো হয় জয়পাড়া এসএমই শাখায় সুমাইয়া নামে এক গ্রাহকের অ্যাকাউন্টে। পরে প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম মোল্লা বাদী হয়ে বাসন থানায় অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে উত্তরা ব্যাংকের ওই শাখা ব্যবস্থাপক স্কাইল্যাব চৌধুরী বলেন, চলে যাওয়া টাকা ফেরত এখনো আনা সম্ভব হয়নি। তবে আমরা নিশ্চিত হতে পেরেছি টাকা কোথায় কীভাবে গিয়েছে। ওই টাকা উদ্ধারে সময় লাগবে কিন্তু গ্রাহকের টাকা জরুরি প্রয়োজন। তাই আমাদের নিজস্ব ফান্ড থেকে গ্রাহককে টাকা ফেরত দেওয়া হয়েছে।