অন্তঃসত্ত্বা হওয়ার দুই মাস পর আলিয়া জানালেন- 'আলো আসছে'

১৪ এপ্রিল বিয়ে। আড়াই মাসের মাথায় জানালেন মা হতে চলেছেন। আর মা হওয়ার ঘোষণা দেওয়ার দুই মাস পর আজ সোশাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ওপর হাত রেখে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুললেন। নিচে ক্যাপশনে লিখলেন...আলো আসছে (দুই সপ্তাহ পর)।

আজ শুক্রবার ঝালর দেওয়া স্বচ্ছ গোলাপি পোশাক, তার ওপর কালো ওয়েস্টকোট পরে হঠাৎ ছবি পোস্ট করেছেন আলিয়া। যার ক্যাপশনে রয়েছে সেই চমক। লিখেছেন, 'আলো আসছে...ঠিক আর দু'সপ্তাহ পর!'

আলিয়ার ছবি দেখে মনে হয় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার শেষ পর্যায়। বেবি বাম্পের আকার চোখ এড়ায় না। দু'হাত পেটে রেখে ক্যামেরার দিকে সোজা তাকিয়ে এই পোস্টটি করেছেন তিনি। যা থেকে প্রাথমিক অনুমান, তার প্রসবের দিন এগিয়ে এসেছে। অনুরাগীরাও এক ঝলকে ভেবেছিলেন, দু'সপ্তাহের মধ্যেই ভূমিষ্ঠ হবে রণবীর কাপুর এবং আলিয়ার প্রথম সন্তান।

তবে ভুল ভাঙবে ভালো করে দেখলেই। হেঁয়ালি করেই অভিনেত্রী হয়তো একটু নিচের দিকে রেখেছেন আসল খবর। দু'সপ্তাহ পরে সন্তান নয়, আসছে তাদের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত যে ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে আলিয়া আর রণবীরকে। সে নিয়েই রোমাঞ্চিত তারা। আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ, ঠিক দু'সপ্তাহের মাথায় ছবিটি মুক্তি পাবে। সেই ইঙ্গিতই দিলেন আলিয়া।

কথা ছিল 'বালিকা বধূ' ছবিতে প্রথম জুটি বাঁধবেন রণবীর-আলিয়া। পরিচালক সঞ্জয় লীলা বানসালি। একসঙ্গে ফটোশুটও হয়েছিল। আলিয়া তখন ১১। রণবীরের কাঁধে হাত রাখতে গিয়েই লজ্জায় লুটিয়ে গিয়েছিলেন আলিয়া। ছবিটা শেষ পর্যন্ত তৈরি হয়নি। তবে মুগ্ধতা তৈরি হয়েছিল সেই তখন থেকে। 

২০১৩ সালে 'কফি উইথ করণ'-এর মঞ্চে আলিয়া মেনে নিয়েছিলেন, রণবীর তাঁর 'ক্রাশ', এমনকি রণবীরকে বিয়ে করবার ইচ্ছাও প্রকাশ করেছিলেন ভাট-কন্যা। সেই সময় ক্যাটরিনার প্রেমে পাগল রণবীর। ২০১৭-তে আলিয়ার স্বপ্নপূরণ হয়। শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। ২০২২-এর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন তারা। সূত্র : ইন্ডিয়া টুডে