ঋণদাতাদের চাপ ও পারিবারিক কলহের জেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে স্বামীসহ আত্মহত্যার চেষ্টায় স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ সময় স্ত্রী বিথী আক্তার (২৩) মারা গেলেও স্বামী ওমর ফারুক (৩২) সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত বিথী আক্তার ওমর ফারুকের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে ফল ব্যবসায়ী ওমর ফারুক বিথীকে বিয়ে করে পাশের এলাকা হালদার পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। দ্বিতীয় বিয়ে করা নিয়ে তাদের সংসারে কলহ চলছিল। তা ছাড়া তিনি বিভিন্ন এনজিও এবং মহাজনদের কাছ থেকে চড়া সুদে প্রায় ১০ লাখ টাকা ঋণ নেন। বর্তমানে ঋণের কিস্তি দিতে না পারায় বেশির ভাগ সময় দোকান বন্ধ রেখে বাসায় থাকতেন।
শুক্রবার সকালে তারা দুজন ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে পায়ে হেঁটে ফারুকের পৈতৃক বাড়ি যান। এ সময় স্বজনরা বুঝতে পেরে তাদের প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিথী আক্তার মারা যান। ওমর ফারুক বর্তমানে বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বনপাড়া পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। তার অনেক টাকা ঋণ রয়েছে বলে শুনেছি। এ ছাড়া একাধিক বিয়ে করা নিয়েও পারিবারিক কলহ ছিল বলে জানা গেছে।