বাগেরহাটের শরণখোলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো নলবুনিয়া গ্রামের রহিম তালুকদারের বড় মেয়ে রুবি আক্তার (৭) ও ছোট মেয়ে রাফিয়া আক্তার (৪)। তাদের বাবা রহিম তালুকদার পেশায় ভ্যানরিকশাচালক।
রহিম তালুকদার বলেন, ‘আমার দুই মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাদের মা মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশী নওয়াব চৌধুরীর পুকুরে তাদের পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিয়াজ মাহমুদ ফয়সাল জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পানিতে ডুবে যাওয়ার পর তাদের শ^াসরোধে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।