মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাজুখান বাজার এলাকায়  মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই বাজার এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি  মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত শ্রীদাম চন্দ্র সরকার (৫৮) হলেন কালিয়াকৈর উপজেলার আমদাইর এলাকার মৃত দেবেন্দ্র চন্দ্র সরকারের ছেলে। তিনি আমদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলশিক্ষক শ্রীদাম চন্দ্র সরকার বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাজুখান বাজারে চা পান করতে যান। পরে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে ওই বাজার এলাকায় সফিপুর-মাজুখান সড়ক পারাপার হচ্ছিলেন।

 সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষককে মৃত ঘোষণা করেন।

আমদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফাজ উদ্দিন জানান, সড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষককে মৃত ঘোষণা করেন।