কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনোয়ার হোসেন (৩৫) নামে ডাকাতি মামলার এক আসামির মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত ১১ আগস্ট ভোররাতে ওই আসামির মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ জানায়, হার্ট অ্যাটাকে আনোয়ারের মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু পরিবারের দাবি, গ্রেপ্তারের পর চান্দিনা থানায় তাকে নির্যাতন করেছে পুলিশ।
আনোয়ার হোসেন জেলার মুরাদনগর উপজেলার গান্ধ্রা এলাকার মৃত কেরামত আলীর ছেলে। গত ১৭ জুলাই রাতে চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, বশির ও খলিলকে আটক করা হয়। থানায় নিয়ে যাচাই-বাছাই শেষে বশির ও খলিলকে মুচলেকা নিয়ে স্থানীয়দের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আনোয়ারকে পরদিন আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠায়। গত ১১ আগস্ট ভোররাতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমলের উপস্থিতিতে তার লাশের সুরতহাল করা হয়। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান বলেন, ‘১৮ জুলাই আনোয়ারকে গ্রহণের সময় তার প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়েছে, তার কোনো সমস্যা কিংবা অসুস্থতা আছে কি না তাও জিজ্ঞাসা করা হয়েছে। সে কোনো ধরনের অসুবিধার কথা বলেনি।’