গাজীপুরের কাপাসিয়ায় অস্ত্রসহ ৯ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়ায় এ ঘটনা ঘটে। আটক কিশোরদের বরাতে পুলিশ জানিয়েছে, টিকটক ভিডিও বানাতে তারা অস্ত্রসহ সেখানে গিয়েছিল। তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সনমানিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, ওই ৯ কিশোর স্থানীয় মরিয়ম ভিলেজ খেলার মাঠে এসে ব্যাগ থেকে চাইনিজ কুড়াল ও চাপাতি বের করে। স্থানীয়রা তখন অস্ত্রসহ তাদের আটক করে। টিকটকের ভিডিও বানাতে তারা অস্ত্রসহ ওই এলাকায় এসেছিল। তবে কাউকে মারার উদ্দেশ্য ছিল না তাদের।
তবে আটক আরিফ ফকিরের ভাষ্য, ওই এলাকার সুন্দর দৃশ্যে আকৃষ্ট হয়ে টিকটকের ভিডিও বানাতে গেলে তাদের ডিএসএলআর ক্যামেরাসহ মোট চারটি মোবাইল ফোন ও অটোরিকশার দুটি ব্যাটারি ছিনতাই হয়েছে। পরে এলাকাবাসী তাদের রিকশায় অস্ত্র রেখে আটক করেছে। আটক ৯ জনের মধ্যে ৫ জন কিশোর। অপর চারজন হলেন আরিফ ফকির (১৮), তৈয়ব খান (১৮), মো. হাসান (১৮) ও মো. নাজমুল (১৮)। কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, আটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, ফেইসবুকে মন্তব্যের জেরে গত ১২ মার্চ রাতে প্রতিপক্ষের আক্রমণে দক্ষিণগাঁও চরপাড়া এলাকায় তিন যুবক নিহত হয়েছিলেন।