তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে পর্যটনদের জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন।
গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছিল বন বিভাগ।
এই তিন মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে গণমাধ্যমকে জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। একইসঙ্গে সুন্দরবনের বনজসম্পদ আহরণের জন্য পাস পারমিট নিয়ে ওই দিন থেকে বনে ঢুকতে পারবেন বনজীবীরাও।
প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। ২০১৯ সাল থেকে এই কার্যক্রম চালু হয়েছে। এবার মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই সময় এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করে বন মন্ত্রণালয়।