ভোলা জেলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের সদ্য বিএ পাশ করা মেধাবী ছাত্র মো. মহিন মীরকে (২৭) নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ আগস্ট (রোববার) রাত ২টায় শামসু, ইউসুফ, মোরশেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী মহিন মীরের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কুপিয়ে হত্যা করে মহিন মীরকে। তার ছোট ভাই এবং মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম।
মীর জসিম বলেন, হত্যাকাণ্ডের সাত দিন অতিবাহিত হলেও খুনিদের গ্রেপ্তার না করা দুঃখজনক। খুনিদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে।
মানববন্ধন থেকে বোরহানউদ্দিন থানা পুলিশকে খুনিদের গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
৩ দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তারে করতে ব্যর্থ হলে আগামী মঙ্গলবার ভোলার পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেওয়া হয়।
আগামী ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
ছাত্রনেতা মেহেদি আল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিনের বড় ভাই মো. এমরান হোসেন, ছাত্রনেতা মো. জাকির হোসেন, মো. বশির উল্লাহ, মো. মোশাররফ হোসেন, মো. আলাউদ্দিন, মো. শাহদাত শাকিল, মো. মামুন, মো. সাদ্দাম, মো. শিহাব উদ্দিন হাওলাদার এবং মো. আলিফ।