মৃত্যুর আগে রাসায়নিক মেশানো পানীয় খাওয়ানো হয়েছিল সোনালি ফোগাতকে। খাইয়েছিলেন তার দুই সঙ্গী। এবার গোয়া পুলিশ জানাল, আঞ্জুনার রেস্তোরাঁয় পার্টি করার সময়েই রাসায়নিক মেশানো ওই পানীয় খাওয়ানো হয় সোনালিকে।
হরিয়ানার বিজেপি নেত্রী সোনালির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এর মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তার ব্যক্তিগত সহকারী সুধীর সাঙ্গওয়ান এবং তার সঙ্গী সুখবিন্দ্র সিংকে। তাদের জেরা করেই গোয়া পুলিশ জানতে পেরেছে, কার্লিস রেস্তোরাঁয় চলা পার্টিতে পানীয়র মধ্যে রাসায়নিক মিশিয়ে খাওয়ানো হল সোনালিকে। সেই পানীয়ের কারণেই ২৩ আগস্ট সম্ভবত মৃত্যু হয় ৪২ বছরের বিজেপি নেত্রীর।
গোয়ার উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা বলেন, 'আর্থিক স্বার্থসিদ্ধির জন্যই' সোনালিকে খুন করা হয়। অভিযুক্ত সুধীর এবং সুখবিন্দ্র প্রমাণ নষ্ট করতে পারেন বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গোয়া পুলিশ বিবৃতিতে জানা যায়, জেরায় অপরাধের কথা স্বীকার করেন সুধীর। জানান, সোমবার গোয়ায় পৌঁছনোর পর পার্টি করার জন্য সোনালিকে কার্লিস রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন সুখবিন্দ্র। অভিযোগ, ওই রেস্তোরাঁতেই বসে সোনালির পানীয়তে রাসায়নিক মেশান সুধীর। এর পর তাকে তা পানে বাধ্য করা হয়। এর পরেই অসুস্থ হয়ে পড়েন সোনালি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টালমাটাল পায়ে রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন সোনালি।
এর পর সোনালিকে নিয়ে যাওয়া হয় হোটেলে। সেখান থেকে সেন্ট অ্যান্থনি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর মধ্যেই রেস্তোরাঁয় পুলিশের সঙ্গে গিয়েছিল ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করা হয়েছে। সোনালির মৃত্যুর পরেই ওই রেস্তোরাঁর নারীদের শৌচালয় সিল করে দেয় পুলিশ। তারা জানিয়েছে, সোমবার রাতে ওই শৌচালয়ে আড়াই ঘণ্টা ছিলেন সোনালি এবং তার দুই সঙ্গী। কেন? সেই উত্তর খুঁজছে পুলিশ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া