তিন খানকে এক ছবিতে নেওয়ার সামর্থ্য আছে, প্রশ্ন শাহরুখের

শেষ কয়েক দশক ধরে বলিপাড়ায় তাদেরই সাম্রাজ্য। শাহরুখ খান, আমির খান, সালমান খান। তাদের কেরিয়ারের শুরুও মোটামুটি একই সময়ে। কিন্তু এত বছরেও তিন খানকে একসঙ্গে দেখেননি দর্শক। ইন্ডাস্ট্রির এই তিন স্তম্ভকে একসঙ্গে দেখার অপেক্ষায় অনেকেই।

মুম্বাইয়ে একটি শো-তে উঠে আসে তিন খানের একসঙ্গে কাজ করার প্রসঙ্গ। এমনই এক প্রশ্ন করে বসেন কিং খানের এক ভক্ত। তার প্রশ্ন ছিল, শাহরুখ, আমির, সালমানকে একসঙ্গে কবে বড় পর্দায় দেখা যাবে? তখনই মজার ছলে উত্তর দেন নায়ক। তিনি বলেন, 'প্রযোজক এবং পরিচালকদের আমাদের তিনজনকে একসঙ্গে ছবিতে নেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই কাজ করব। আর আমাদের তিনজনেরই তিন রকমের কাজের অভ্যাস এবং নানা চাহিদা। সেগুলো সহ্য করতে পারলেই কাজ করব আমরা।'

প্রসঙ্গত, আমির-সালমানকে একই ছবিতে দেখেছে দর্শক। আবার অন্যদিকে শাহরুখ-সালমানও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেই ছবিরও লম্বা তালিকা রয়েছে। শেষ আমিরের 'লাল সিং চড্ডা' ছবিতে কিং খানকে দর্শক দেখেছে ক্যামিও চরিত্রে। সূত্র : আনন্দবাজার