ডিআরইউতে সংবাদ সম্মেলন

দক্ষিণ সিটির বিরুদ্ধে ওয়াকফ এস্টেট দখলের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা বিদ্যমান থাকার পরও ওয়াকফ এস্টেটের জমি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিরুদ্ধে। সেই সঙ্গে সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননারও অভিযোগ করেছে সংশ্লিষ্টরা।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পুরান ঢাকার বকশিবাজারের মেহেরুক বিবি ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি আব্দুল করিম ওরফে লালু মিয়া সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লালু মিয়া বলেন, ‘গত জুন মাসে ডিএসসিসি বিনা নোটিসে রাস্তা বানানোর অজুহাত দেখিয়ে ২৩২ বছরের ঐতিহ্যবাহী চারতলা মসজিদটাকে তিনটি বুলডোজার এনে ভেঙে দেয়। তখন মসজিদের ভেতরে নানা ধরনের ধর্মীয় গ্রন্থসহ ২৩২ বছর আগের শিলালিপিসহ মসজিদের সব ধরনের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করি। রিট পিটিশনে উল্লিখিত আবেদন অনুযায়ী আদালত বাংলাদেশ সরকার, সিটি করপোরেশন এবং ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটরের ওপর এক রুল জারি করে এবং তফসিল লিখিত ভূমিতে ডিএসসিসির বিরুদ্ধে এক স্থিতাবস্থা জারি করে। আদালতের আদেশের পরও ডিএসসিসি কোনো প্রকার নোটিস না দিয়ে গত মঙ্গলবার সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও পুলিশ বাহিনীসহ এসে উক্ত ওয়াকফ এস্টেটটির ওপর রুল জারি থাকা সত্ত্বেও উচ্চ আদালতের আদেশ অবমাননা করে বেআইনিভাবে কার্যক্রম শুরু করে। এমতাবস্থায় আমরা আইনের দ্বারস্থ হয়েও নিরাপত্তাহীনতায় ভুগছি।’ সংবাদ সম্মেলনে মোতাওয়াল্লি লালু মিয়া ছাড়াও তার ভাই রমজান আলী, ছেলে ফজলুল করিম ও মোতাওয়াল্লি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসব অভিযোগের বিষয়ে জানতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।