ধর্মশিক্ষা নিয়ে চরমোনাই পীরের বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘একটি বিশেষ মহল অন্য ইস্যু খুঁজে না পেয়ে সরকারবিরোধী অপপ্রচারে নেমেছ। এর অংশ হিসেবে তারা দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এ মন্তব্য করছে। ধর্মশিক্ষাসহ নৈতিক শিক্ষার কার্যক্রম অনেক বাড়িয়েছে সরকার। এ কার্যক্রম সামনে আরও বাড়ানো হবে।’
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে পর্বত আরোহীদের হাতে পতাকা তুলে দেওয়ার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গত শুক্রবার রাজধানীর শাহবাগে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছিলেন, ‘নৈতিকতা ও মূল্যবোধ চর্চার কথা নতুন শিক্ষাক্রমে বারবার উল্লেখ করা হলেও ইসলামি শিক্ষাকে সামষ্টিক মূল্যায়ন এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে মানবিক বিভাগে ঐচ্ছিক রেখে কৌশলে সংকুচিত করা হয়েছে।’